পানছড়িতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পে তিন শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৫, ২০২৬, ৮:০৬ অপরাহ্ন /
পানছড়িতে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পে তিন শতাধিক মানুষের বিনামূল্যে চিকিৎসা

প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। “স্বাস্থ্য কার্ড তারেক রহমানের অঙ্গীকার, সুস্বাস্থ্য হোক সকল জনতার অধিকার”—এই শ্লোগানকে সামনে রেখে কর্মসূচিটি আয়োজন করা হয়।
ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যোগে ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার  সকাল থেকে বিকাল পর্যন্ত পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচিতে পার্ক হিল ক্লিনিক্যাল ল্যাবরেটরি, স্কয়ার, ইরস্টোফার্মা ও বেক্সিমকো ফার্মা সহযোগিতা প্রদান করে।
স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন।
ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা দেন। চিকিৎসা প্রদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডা. ইকবাল উদ্দিন চৌধুরী, ডা. অরূপ ধর, ডা. ফাতিন ইশরাক, ডা. আইচুক রোয়াজা এবং ডা. আমরিন মাহবুব। আয়োজকদের তথ্য অনুযায়ী, এ ক্যাম্পে তিন শতাধিক নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন।
এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সন্তোষ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে বলে জানিয়েছেন আয়োজকরা।