
মোহাম্মদ ইউনুছ : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান চালিয়ে সাতটি করাতকলের মালিককে ২৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
১৩ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু।
অভিযানকালে নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিলসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে সাতটি করাতকলের মালিক লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। এ সময় কবির আহমদকে ৩ হাজার টাকা, সুগত বড়ুয়াকে ৫ হাজার টাকা, রহিম উদ্দিনকে ২ হাজার টাকা, গফুরকে ২ হাজার টাকা এবং আব্দুল হামিদকে ৫ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া প্রায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু জানান, অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :