নাইক্ষ্যংছড়িতে ফরিদা আক্তারের ৫ প্রকল্প পরিদর্শন


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৩, ২০২৬, ১২:০৩ অপরাহ্ন /
নাইক্ষ্যংছড়িতে ফরিদা আক্তারের ৫ প্রকল্প পরিদর্শন

 

মোহাম্মদ ইউনুছ : নাইক্ষ্যংছড়িতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার পাঁচটি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। ১১ জানুয়ারি রবিবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার একটি পোল্ট্রি রিসার্চ সেন্টার এবং বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে উন্নত প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও ভ্যালু এডেড পোল্ট্রি উৎপাদন ও বাজারজাতকরণ কার্যক্রম সম্পর্কে অবহিত হন। একই সঙ্গে খামারিদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানেও তিনি অংশ নেন।

নাইক্ষ্যংছড়িস্থ বিএলআরআই আঞ্চলিক কেন্দ্রে গত ৯ জানুয়ারি শুরু হওয়া তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালাটি ১১ জানুয়ারি রোববার শেষ হয়। এ উপলক্ষে সকাল ১১টায় সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোল্ট্রি রিসার্চ সেন্টারের পরিচালক ও মুখ্য প্রশিক্ষক (ভারপ্রাপ্ত) এবং প্রকল্প পরিচালক, বিএলআরআই ড. মো. সাইফুল করিম সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই)-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. শাকিলা ফারজানা এবং নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী। এছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, পোল্ট্রি খাত দেশের পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। আধুনিক প্রযুক্তি ও নিরাপদ উৎপাদন ব্যবস্থা প্রয়োগের মাধ্যমে বাংলাদেশ পোল্ট্রি শিল্পে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও অবস্থান তৈরি করতে সক্ষম হবে। তিনি আরও বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত খামারিরাই ভবিষ্যতে নিরাপদ খাদ্য উৎপাদনের মূল চালিকাশক্তি হবে এবং সরকার এ খাতের টেকসই উন্নয়নে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে।

বিশেষ অতিথির বক্তব্যে ড. শাকিলা ফারজানা বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গবেষণাভিত্তিক, মানসম্মত এবং বায়োসিকিউরিটি অনুসরণ করে পোল্ট্রি উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি।

এছাড়া উপদেষ্টা ফরিদা আক্তার দুপুর ১২টা ৩০ মিনিটে নাইক্ষ্যংছড়ি উপজেলা সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে আয়োজিত “পার্বত্য এলাকায় প্রাণিসম্পদ উন্নয়ন গবেষণা পরিকল্পনা” শীর্ষক কর্মশালায় যোগ দেন।