ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দীঘিনালায় ৭ বিজিবির অনুশীলন মহড়া


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ৭:৪১ অপরাহ্ন /
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দীঘিনালায় ৭ বিজিবির অনুশীলন মহড়া

 

মো. সোহেল রানা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় নিরাপদ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে ৭ বিজিবি (বাবুছড়া ব্যাটালিয়ন) এর উদ্যোগে পরিস্থিতি অনুশীলন মহড়া (ঝরঃঁধঃরড়হধষ ঞৎধরহরহম ঊীবৎপরংব) অনুষ্ঠিত হয়েছে।

২৬ জানুয়ারি সোমবার সকালে বাবুছড়া ব্যাটালিয়নের অধিনায়কের সার্বিক তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্ত বিজিবি সদস্যদের অংশগ্রহণে এ মহড়ার আয়োজন করা হয়। নির্বাচনকালীন সময়ে উদ্ভূত সম্ভাব্য বিভিন্ন পরিস্থিতি বাস্তবসম্মতভাবে উপস্থাপন ও অনুশীলনের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদার করার লক্ষ্যেই এ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ার অংশ হিসেবে ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যদের মাধ্যমে পুরুষ ও নারী ভোটারদের পৃথক লাইনে দাঁড় করানো, ভোটগ্রহণ শুরু এবং কেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের দৃশ্য প্রদর্শন করা হয়।

এছাড়াও জাল ভোটের অভিযোগকে কেন্দ্র করে এক প্রার্থীর সমর্থকদের মিছিল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ, বিশৃঙ্খলা সৃষ্টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো সম্ভাব্য ঘটনার দৃশ্যায়ন করা হয়। অনুশীলনে প্রতীকীভাবে দেখানো হয়, জারুলছড়ি ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্য প্রিজাইডিং অফিসারকে অবহিত করেন এবং পুলিং অফিসার মোবাইল ফোনের মাধ্যমে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা কামনা করেন।

একইসঙ্গে জাল ভোট প্রদান ও ব্যালট বাক্স ছিনতাইয়ের বিষয়টি দলীয় এজেন্টদের মাধ্যমে প্রার্থী ও সাংবাদিকদের অবহিত করার দৃশ্যও মহড়ায় অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে পিকআপ ভ্যানে করে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাঠের দুই পাশ দিয়ে অবস্থান নেয়। ব্যালট বাক্স ছিনতাইকারীকে আটক, বিজিবি সদস্যদের সঙ্গে বিশৃঙ্খলাকারীদের কথোপকথন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের দৃশ্য বাস্তবভিত্তিকভাবে অনুশীলন করা হয়।

মহড়ায় আরও দেখানো হয়, বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হলে দলীয় প্রার্থীর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে পরিস্থিতি শান্ত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যদের মাধ্যমে পুনরায় ভোটগ্রহণ শুরু করার জন্য ভোটারদের আহ্বান জানানো হয়।

ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্স বিজিবির সহায়তায় প্রিজাইডিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে নিরাপদে প্রেরণের বিষয়টিও অনুশীলনের অংশ ছিল। এ সময় ব্যালট বাক্স ছিনতাই সংক্রান্ত বিষয়ে পুলিং অফিসার ও প্রিজাইডিং অফিসার সাংবাদিকদের ব্রিফিং প্রদান করেন।

মহড়ায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল মো. আব্দুল মুত্তাকিম, বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইফতিয়াক আহাম্মদ ইবনে রিয়াজ এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুশীলন শেষে খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের কমান্ডার কর্নেল মো. আব্দুল মুত্তাকিম বলেন, এ ধরনের পরিস্থিতি অনুশীলন মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত ও কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব হবে। একইসঙ্গে ভোটারদের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ আরও জোরদার হবে।

বাবুছড়া ব্যাটালিয়ন (৭ বিজিবি) কর্তৃক আয়োজিত এ নির্বাচনী প্রস্তুতিমূলক মহড়ার মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিজিবির পূর্ণ প্রস্তুতির বার্তা দেওয়া হয়েছে।