খাগড়াছড়িতে ৯ম পে-স্কেল গেজেটের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৯, ২০২৬, ৭:২৩ অপরাহ্ন /
খাগড়াছড়িতে ৯ম পে-স্কেল গেজেটের দাবিতে সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল

 

মো: নুরশাদ হোসেন বাপ্পী : ৯ম পে-স্কেল গেজেট ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটি।
বুধবার সকালে সংগঠনের ব্যানারে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কার্যালয় চত্বর প্রদক্ষিণ শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ৯ম পে-স্কেল গেজেট ঘোষণার অপেক্ষায় রয়েছেন। বারবার দাবি জানানো হলেও এখনো পর্যন্ত এ বিষয়ে কার্যকর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এতে কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বিদ্যমান বেতন কাঠামো দিয়ে জীবনযাপন করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত ৯ম পে-স্কেল গেজেট ঘোষণা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিক্ষোভ কর্মসূচিতে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।