খাগড়াছড়িতে ৭৩ দরিদ্র পরিবার পেল গবাদিপশু ও হাঁস-মুরগি


admin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৪, ২০২৬, ৯:১২ অপরাহ্ন /
খাগড়াছড়িতে ৭৩ দরিদ্র পরিবার পেল গবাদিপশু ও হাঁস-মুরগি

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি অঞ্চলে অসহায় ও দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে খাগড়াছড়িতে ৭৩টি পরিবারের মাঝে গবাদিপশু ও হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। ২০২৫–২০২৬ অর্থবছরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় এই সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী পরিবারগুলোর হাতে গরু, ছাগল ও হাঁস-মুরগি তুলে দেন জেলা পরিষদের সদস্য মো. মাহাবুব আলম।
বিতরণ কার্যক্রমে জেলা সদরের বিভিন্ন এলাকার ৮টি পরিবারকে গরু, ২৫টি পরিবারকে ছাগল এবং ৪০টি পরিবারকে হাঁস-মুরগি প্রদান করা হয়। সবমিলিয়ে ৭৩টি অসহায় ও দুঃস্থ পরিবার এই সহায়তার আওতায় আসে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের সদস্য মো. মাহাবুব আলম বলেন, পার্বত্য অঞ্চলের টেকসই উন্নয়নের জন্য আত্মকর্মসংস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অল্প পুঁজি দিয়ে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন একটি পরিবারকে স্বাবলম্বী করে তুলতে পারে। এই সহায়তা উপকারভোগী পরিবারগুলোর জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি হিসেবে মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, এটি একটি নৈতিক দায়িত্বও। খেলাধুলার সামগ্রী বিতরণ, ঘর নির্মাণ, টিন ও শীতবস্ত্র বিতরণসহ সমাজের অসহায় মানুষের যেকোনো সমস্যায় পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।
মিলনপুর এলাকা থেকে আসা এক নারী উপকারভোগী জানান, পরিবারের আয়ের সুযোগ সীমিত থাকলেও এই গবাদিপশু ও হাঁস-মুরগির মাধ্যমে ঘরে বসেই আয় করার পথ তৈরি হয়েছে। এতে তাদের সংসারের অবস্থার উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে উত্তর সবুজবাগ এলাকার উপকারভোগী মো. রশিদুল বলেন, দীর্ঘদিনের অভাব কাটিয়ে ছোট পরিসরে খামার গড়ে তোলার স্বপ্ন দেখছেন তিনি। এই সহায়তা তার পরিবারের ভবিষ্যৎ বদলে দিতে সহায়ক হবে বলে বিশ্বাস করেন।
উপকারভোগীরা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, নিয়মিতভাবে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকলে পার্বত্য অঞ্চলের অসহায় ও দরিদ্র পরিবারগুলো ধীরে ধীরে আত্মনির্ভরশীল হয়ে উঠবে।