খাগড়াছড়িতে ৩২ বিজিবির মানবিক সহায়তা কার্যক্রমে উপকৃত তিন পরিবার


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ৮:২৮ অপরাহ্ন /
খাগড়াছড়িতে ৩২ বিজিবির মানবিক সহায়তা কার্যক্রমে উপকৃত তিন পরিবার

প্রতিনিধি : পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। এর অংশ হিসেবে অসহায় ও দরিদ্র তিনটি পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বসতঘর মেরামতের জন্য ঢেউটিন প্রদান করা হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, বিজিওএম-এর তত্ত্বাবধানে এই মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

এ সময় সুলতানা বেগম ও মো. খোরশেদ আলমকে আর্থিক অনুদান প্রদান করা হয়। এছাড়া মো. আব্দুল্লাহ আল ফাহাদকে তার বসতঘর মেরামতের জন্য প্রয়োজনীয় ঢেউটিন সরবরাহ করা হয়।

অনুষ্ঠানে খাগড়াছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।

সহায়তা প্রদানকালে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, “পার্বত্য অঞ্চলে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

এ সময় স্থানীয়রা বিজিবির এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।