
ছোটন বিশ্বাস: খাগড়াছড়িতে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ জানুয়ারি ২০২৬ রবিবার বিকেলে পাইখাইয়া পাড়া আলোক এনজিও মিলনায়তন কক্ষে এই সভার আয়োজন করে প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম খাগড়াছড়ি। সভার সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অরুণ কান্তি চাকমা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা ও জয়া ত্রিপুরা।
সভায় স্থানীয় অংশগ্রহণকারীদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে রুফটপ সোলারের ব্যবহার, সম্ভাবনা ও সুফল তুলে ধরা হয়। এছাড়া সৌর বিদ্যুৎ স্থাপনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির বিষয়েও আলোচনা করা হয়। সভায় জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার গুরুত্বও তুলে ধরা হয়।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা বলেন, “বসতবাড়িতে রুফটপ সোলার জনপ্রিয় করা গেলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দেশের জ্বালানি আমদানির চাপ কমবে। এক লক্ষ সৌর প্যানেল স্থাপনের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”
সভায় পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা বলেন, “নবায়নযোগ্য বিদ্যুতের বিষয়ে সমাজের প্রতিটি মানুষকে সচেতন করা জরুরি।”
সদস্য নিটোল মনি চাকমা বলেন, “দালান নির্মাণের অনুমোদনের সময় সোলার প্যানেল স্থাপন বাধ্যতামূলক করা উচিত। সরকারি প্রতিষ্ঠান, স্কুল, হাসপাতালকেও নবায়নযোগ্য জ্বালানির আওতায় আনার প্রয়োজন।”
সভায় প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের অন্যান্য সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং মতামত ব্যক্ত করেন।
উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এই ধরনের কমিউনিটি ভিত্তিক উদ্যোগ ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ ব্যবহারের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং পরিচ্ছন্ন, সাশ্রয়ী ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থার দিকে এগিয়ে যাবে।
আপনার মতামত লিখুন :