
আরিফুল ইসলাম মহিন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাগড়াছড়ি–২৯৮ সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর দাঁড়ি-পাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরীর নেতৃত্বে এ কর্মসূচি পরিচালিত হয়। প্রচারণাকালে উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় একাধিক পথসভা অনুষ্ঠিত হয়।
প্রচারণা চলাকালে খাগড়াছড়ি জেলা এনসিপির নেতাকর্মীরা জামায়াত প্রার্থীকে ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান এবং নির্বাচনী কার্যক্রমে অংশ নেন।
দিনব্যাপী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনার কাঠামো ও শাসনব্যবস্থার দুর্বলতাগুলো চিহ্নিত করে তা সংশোধনের সুযোগ তৈরি হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামি ন্যায়ভিত্তিক, শৃঙ্খলাপূর্ণ ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্বাচনে অংশগ্রহণ করেছে। আইনের শাসন ও সুশাসন নিশ্চিত করতে জনগণের ভোটাধিকার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমিন। এছাড়া বক্তব্য রাখেন এনসিপির জেলা সভাপতি নুর আলম, সদস্য সচিব সুবোধ চাকমা, সাংগঠনিক সম্পাদক শাহ নেওয়াজ, উপজেলা মুখ্য সংগঠক পুলিন চাকমা, জেলা যুগ্ম আহ্বায়ক রুপায়ন চাকমা, জেলা ছাত্রশিবির সভাপতি আব্দুল ছাত্তার, উপজেলা জামায়াত সভাপতি মো. জাকির হোসেন ও উপজেলা সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দিনব্যাপী প্রচারণা কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।
আপনার মতামত লিখুন :