ইউপিডিএফ (গণতান্ত্রিক): মিথ্যা অপপ্রচারের অভিযোগ


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ৩:১৬ অপরাহ্ন /
ইউপিডিএফ (গণতান্ত্রিক): মিথ্যা অপপ্রচারের অভিযোগ

মো. শরিফুল ইসলাম ভূঁইয়া আসাদ ॥ খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল বিলুপ্ত হয়নি এবং দলের সাংগঠনিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে অভিযোগ এনে বিষয়টি স্পষ্ট করতে খাগড়াছড়িতে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

১৭ জানুয়ারি ২০২৬ শনিবার  সকাল ১১টায় খাগড়াছড়ি জেলা সদরের মধুপুরে দলীয় কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সহ-সভাপতি (ভারপ্রাপ্ত সভাপতি) সমীরণ চাকমা (চারমিং), সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা, সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, কেন্দ্রীয় সদস্য সবিনয় চাকমাসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) এবং সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণসহ সংগঠনের গঠনতন্ত্রবিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এছাড়া ব্যক্তিগত অর্থ উপার্জনের উদ্দেশ্যে অবৈধ কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগও আনা হয়। এসব কারণে দলীয় পদ হারানোর আশঙ্কায় তারা তাদের অনুগত প্রায় ২০–২৫ জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ত্যাগ করেন বলে দাবি করা হয়।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। বিশ্বস্ত সূত্রের বরাতে তারা দাবি করেন, সংশ্লিষ্ট ব্যক্তি তার অনুগত সদস্যদের নিয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় নিয়েছেন।

এছাড়া শ্যামল কান্তি চাকমার নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমার নাম ব্যবহার করে একটি ভুয়া বিবৃতি প্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। ওই বিবৃতিতে ইউপিডিএফ (গণতান্ত্রিক) দল বিলুপ্তির যে ঘোষণা দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ বানোয়াট, গঠনতন্ত্রবিরোধী এবং একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেন নেতারা।

প্রেস ব্রিফিংয়ে আরও জানানো হয়, শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা ছাড়া ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর কেন্দ্রীয় কমিটির বাকি সকল সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন। দল বিলুপ্তির বিষয়ে প্রচারিত এই অবান্তর ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সংগঠনটির নেতৃবৃন্দ।