
মোহাম্মদ ইউনুছ : বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসহ জেসমিন সুলতানা রিয়া (২০) নামের এক নারীকে আটক করা হয়েছে।
৭ জানুয়ারি বুধবার ভোরে কক্সবাজার জেলার রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী, রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির একটি যৌথ দল নুরুল আহমদের কন্যা জেসমিন সুলতানা রিয়ার বসতবাড়িতে তল্লাশি চালায়।
অভিযান শেষে সকাল সাড়ে ৭টার দিকে জব্দ তালিকাভুক্ত বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে—
একটি দেশীয় তৈরি এলজি, দুটি পুরোনো ও জংধরা পিস্তল, চাইনিজ রাইফেলের ছয় রাউন্ড গুলি, ছোট পিস্তলের ৪৯ রাউন্ড গুলি, চারটি ব্যবহৃত শটগানের কার্তুজের খোসা, একটি বড় বন্দুকের বাটের অংশ, দুটি লম্বা ধারালো দা, একটি খেলনা পিস্তল, দুটি বাটন মোবাইল ফোন এবং একটি কাটার।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত জেসমিন সুলতানা রিয়া স্বীকার করেছেন যে, উদ্ধারকৃত অস্ত্রগুলো কুখ্যাত ডাকাত নুরুল আবছার ওরফে ল্যাং আবছার এবং ডাকাত রহিমের মালিকানাধীন। তিনি দীর্ঘদিন ধরে এই ডাকাত দলের বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগী হিসেবে যুক্ত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পলাতক ডাকাত ল্যাং আবছার ও রহিমকে গ্রেপ্তারের লক্ষ্যে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
আপনার মতামত লিখুন :