ধর্ষণ ও হত্যা মামলার বিচারের দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ


hello.ahmedpolash প্রকাশের সময় : মে ২৪, ২০২৬, ৩:৩১ অপরাহ্ন /
ধর্ষণ ও হত্যা মামলার বিচারের দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ

 

চাইথোয়াই মারমা : রামিসা ও চিংমা খিয়াংসহ দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণ এবং হত্যা ঘটনার বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
২৩ মে শনিবার সকাল ১১টার দিকে শিশু ও নারী নিরাপত্তা হুমকির মুখে এক হও এই আহ্বানে খাগড়াছড়ি ধর্ষণ বিরোধী সাধারণ শিক্ষার্থীদের ঐক্যজোটের ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহাজনপাড়া হয়ে চেঙ্গী স্কয়ারে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। মিছিল ও সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং নানা দাবিসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

সমাবেশে শিক্ষার্থী প্রতিনিধিরা বলেন, দেশে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। ধর্ষণ ও হত্যার মতো অপরাধের বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং আইনের দুর্বল প্রয়োগের কারণে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ করেন তারা।

সমাবেশে বক্তারা প্রশাসনের কার্যক্রম নিয়ে সমালোচনা করে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার এবং বিশেষ আদালতের মাধ্যমে বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।