
জসীম উদ্দিন জয়নাল : কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের স্বাবলম্বী করার লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনের জন্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
২৩ মে শনিবার দুপুরে মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন আহমেদ।
এ সময় মাটিরাঙ্গা উপজেলা হর্টিকালচার সেন্টারের উদ্যানতত্ত্ববিদ মো. আব্দুল্লাহ আল মাসুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৫০ জন কৃষকের প্রত্যেককে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ১ কেজি করে, ডিএপি ১০ কেজি, এমওপি ১০ কেজি, বালাইনাশক ২০০ গ্রাম এবং বীজতলার ছাউনির জন্য পলিথিন প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপকারভোগী কৃষকরা উপস্থিত থেকে এসব উপকরণ গ্রহণ করেন।
কৃষি কর্মকর্তা মো. সাহাবুদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকারের কৃষি বান্ধব কর্মসূচির অংশ হিসেবে রবি মৌসুমের বাইরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ জনপ্রিয় করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে পেঁয়াজের আমদানি নির্ভরতা কমবে এবং কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।
তিনি আরও বলেন, মাটিরাঙ্গার মাটি ও আবহাওয়া গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের জন্য উপযোগী। কৃষকদের আধুনিক প্রযুক্তি ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে উৎপাদন বৃদ্ধি পায়।
আপনার মতামত লিখুন :