
আরিফুল ইসলাম মহিন : দুর্নীতিমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দায়িত্ববোধ জাগ্রত করতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চালু করা হয়েছে ব্যতিক্রমধর্মী বিক্রেতাবিহীন ‘সততা স্টোর’।
দুর্নীতি দমন কমিশন (দুদক), সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির অর্থায়নে ২৮ জানুয়ারি বুধবার সকালে পানছড়ি বাজার এলাকায় অবস্থিত সানরাইজ কিন্ডারগার্টেন অ্যান্ড জুনিয়র হাই স্কুল প্রাঙ্গণে এ স্টোরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদক, সমন্বিত জেলা কার্যালয় রাঙ্গামাটির উপ-সহকারী পরিচালক মো. সরোয়ার হোসেন। তিনি বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সততা ও নৈতিকতার চর্চায় উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতে তাদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনোয়ারা বেগম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম এবং পানছড়ি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিক্রেতাবিহীন এই সততা স্টোরে শিক্ষার্থীরা নিজেরাই প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করে নির্ধারিত মূল্যের টাকা নির্দিষ্ট স্থানে প্রদান করবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সততা, আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্বশীলতার মানসিকতা তৈরি হবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :