লক্ষ্মীছড়িতে বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের হোস্টেল বিজ্ঞান ও আইসিটি ভবন উদ্বোধন


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ৭:২৯ অপরাহ্ন /
লক্ষ্মীছড়িতে বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের হোস্টেল বিজ্ঞান ও আইসিটি ভবন উদ্বোধন

 

মোবারক হোসেন : খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ছাত্র হোস্টেল, বিজ্ঞান ও আইসিটি ভবন এবং বিদ্যালয় সংযোগকারী রাস্তার উদ্বোধন করা হয়েছে।

২৫ জানুয়ারি রোববার সকাল ১০টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর লক্ষ্মীছড়ি জোনের সার্বিক তত্ত্বাবধানে এসব স্থাপনার উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত স্থাপনাগুলোর উদ্বোধন করেন লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তাজুল ইসলাম, পিএসসি, জি।

বাইন্যাছোলা–মানিকপুর উচ্চ বিদ্যালয়টি ওই এলাকার একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে বিদ্যালয়টিতে প্রায় ৪৫০ জন বাঙালি ও পাহাড়ি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। দুর্গম ও দূরবর্তী এলাকার শিক্ষার্থীদের নিরাপদ আবাসন ও নিয়মিত পড়াশোনার সুবিধা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে একটি ছাত্র হোস্টেল নির্মাণ করা হয়েছে, যেখানে একসঙ্গে ৪০ জন শিক্ষার্থী থাকার সুযোগ পাবে।

এছাড়া শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে নির্মাণ করা হয়েছে একটি দুইতলা বিশিষ্ট বিজ্ঞান ও আইসিটি ভবন, যা বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে বিদ্যালয়ের যাতায়াত ব্যবস্থা সহজ করতে স্কুলের প্রধান ফটক পর্যন্ত ৫৩৫ ফুট দৈর্ঘ্যের একটি সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে।

স্থানীয়রা জানান, সেনাবাহিনীর এ ধরনের শিক্ষা ও উন্নয়নমূলক উদ্যোগ শিক্ষার প্রসার, জীবনমান উন্নয়ন এবং পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।