
প্রতিনিধি : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও দেশীয় মদসহ দুই সশস্ত্র ব্যক্তিকে আটক করা হয়েছে।
গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ জানুয়ারি মঙ্গলবার ফটিকছড়ি উপজেলার ধর্মপুর এলাকায় লক্ষীছড়ি জোন (গুইমারা রিজিয়ন)-এর অধীন ফটিকছড়ি আর্মি ক্যাম্প পৃথক দুটি স্থানে এই অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাসদস্যরা দুইজনকে আটক করতে সক্ষম হন।
আটক ব্যক্তিরা হলেন- ধর্মপুর গ্রামের মো. রফিক (৫৫) ও মো. মঈন উদ্দিন (৩৬)। তারা উভয়েই আব্দুল মালেকের সন্তান বলে জানা গেছে।
অভিযানকালে তল্লাশি চালিয়ে তাদের হেফাজত থেকে বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র ও দেশীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে দুটি শটগান, একটি পিস্তল, একটি এয়ারগান, একটি ডামি পিস্তল, একটি .৩০৩ ক্যালিবার গুলি, একটি শটগানের গুলি, তিনটি ব্যবহৃত শটগানের কার্তুজ, শতাধিক এয়ারগানের গুলি, পাঁচটি ধারালো দা, একটি বিদেশি চাকু, একটি ড্যাগার এবং চার লিটার দেশীয় মদ।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ফটিকছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, পার্বত্য ও পার্শ্ববর্তী এলাকায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও সন্ত্রাস, অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :