লক্ষীছড়ির বিনাজুরি পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর মানবিক সহায়তা


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ৮:০৩ অপরাহ্ন /
লক্ষীছড়ির বিনাজুরি পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর মানবিক সহায়তা

 

মোবারক হোসেন : খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলার বার্মাছড়ি আর্মি ক্যাম্পের আওতাধীন বিনাজুরি পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক পাহাড়ি পরিবারকে মানবিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

জানা যায়, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে স্থানীয় বাসিন্দা ফুচিং মারমার বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এ ঘটনায় ঘরের আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী, নগদ সঞ্চয় এবং তার এসএসসি পরীক্ষার্থী মেয়ের পাঠ্যবইসহ প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ভস্মীভূত হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ প্রায় তিন লক্ষ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার পরপরই ২৬ জানুয়ারি সোমবার লক্ষীছড়ি জোন কমান্ডারের নির্দেশনায় বার্মাছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর সাদ-এর সার্বিক তত্ত্বাবধানে ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন ঘর নির্মাণের জন্য টিন প্রদান করা হয়। পাশাপাশি এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীর পড়াশোনা যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যে তাকে নতুন পাঠ্যবই সরবরাহ করা হয়, যাতে সে নির্বিঘ্নে এসএসসি পরীক্ষা–২০২৬ এ অংশগ্রহণ করতে পারে।

এ মানবিক কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণের মাঝে অগ্নি নিরাপত্তা ও অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা ও পরামর্শ প্রদান করা হয়। এ সময় বিনাজুরি পাড়ার হেডম্যান, স্থানীয় স্কুলের শিক্ষকবৃন্দ, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন এবং মানবিক সহায়তার মাধ্যমে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও শিক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে লক্ষীছড়ি জোনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।