
জসীম উদ্দিন জয়নাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার পক্ষে ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রামে গণসংযোগ কর্মসূচির মাধ্যমে এ প্রচারণার সূচনা হয়। এ সময় ভোটারদের মাঝে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ ও ভোট প্রার্থনা করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. অলি উল্লাহ, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইউনুছ মিয়া, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. নুর নবী, মাটিরাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শহীদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক জিরন ত্রিপুরাসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল বলেন, খাগড়াছড়ির উন্নয়নে ওয়াদুদ ভুইয়ার ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচিত হলে জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়নের ধারা আরও সুদৃঢ় হবে। আনুষ্ঠানিক প্রচারণা শুরুর সঙ্গে সঙ্গেই মাটিরাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে শতাধিক টিম একযোগে প্রচারণা কার্যক্রম শুরু করে।
তিনি আরও বলেন, প্রচারণার প্রথম দিনেই ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। দীর্ঘ ১৭ বছর পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে বলে ভোটাররা আশাবাদ ব্যক্ত করছেন। খাগড়াছড়িবাসী বিপুল ভোটে ওয়াদুদ ভুইয়াকে বিজয়ী করে আবারও প্রমাণ করবে যে খাগড়াছড়ি বিএনপির শক্ত ঘাঁটি।
একই দিনে মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়ার পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম ও সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়।
আপনার মতামত লিখুন :