
ছানোয়ার হোসেন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটগ্রহণ কার্যক্রমকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে খাগড়াছড়ির মহালছড়িতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

২৮ জানুয়ারি বুধবার মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট, আগারগাঁও, ঢাকা-এর উদ্যোগে এবং উপজেলা নির্বাচন অফিস, মহালছড়ি, খাগড়াছড়ির বাস্তবায়নে কর্মশালাটি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথিসহ উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আনোয়ার সাদাত, পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম), জেলা নির্বাচন অফিসার এস. এম. শাহাদাত হোসেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান এবং মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন।
কর্মশালায় ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, নির্বাচন আইন ও আচরণবিধি, ভোটগ্রহণ প্রক্রিয়া, ব্যালট ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ নির্বাচন চলাকালীন করণীয় বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। প্রশিক্ষণের মাধ্যমে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব ও দক্ষতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
আপনার মতামত লিখুন :