বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের প্রকৃত শক্তি নিহিত—উপদেষ্টা সুপ্রদীপ চাকমা


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৪, ২০২৬, ৫:২৩ অপরাহ্ন /
বৈচিত্র্যের মধ্যেই বাংলাদেশের প্রকৃত শক্তি নিহিত—উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

 

জসীম উদ্দিন জয়নাল : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশ একটি বহুমাত্রিক বৈচিত্র্যের দেশ এবং এই জাতিগত ও ধর্মীয় বৈচিত্র্যই দেশের সবচেয়ে বড় শক্তি। নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে, যেখানে প্রতিটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা হবে।

২৩ জানুয়ারি শুক্রবার রাজধানীর বেইলি রোডে অবস্থিত অফিসার্স ক্লাব প্রাঙ্গণে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার দেশে একটি ইতিবাচক ও গুণগত পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের লক্ষ্য হলো এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে ধর্মনিরপেক্ষতা, পারস্পরিক সহাবস্থান এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় থাকবে। পাশাপাশি একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাও সরকারের অন্যতম অগ্রাধিকার বলে তিনি উল্লেখ করেন।

তিনি উপস্থিত সবাইকে সরস্বতী পূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বলেন, এই দেশ আমাদের সবার। ব্যক্তিগত স্বার্থে বা খেয়ালখুশিমতো কেউ দেশের ক্ষতি করতে পারবে না। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি সমৃদ্ধ, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই আমাদের সবার লক্ষ্য।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা তাঁর বক্তব্যে বাংলাদেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে বলেন, বাংলাদেশ থেকে ভারত ও নেপালসহ এই গোটা অঞ্চল ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি ও উৎসবের আমেজ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং উপস্থিত সকল বিদেশি কূটনীতিক ও অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী এবং নেপালি দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর মি. দাওয়া ছেরিং।