পানছড়িতে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ কর্মসূচি


admin প্রকাশের সময় : জানুয়ারী ৩১, ২০২৬, ৮:৫২ অপরাহ্ন /
পানছড়িতে ইসলামী আন্দোলনের প্রার্থীর গণসংযোগ কর্মসূচি

 

প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় গণসংযোগ কর্মসূচি পালন করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কাউছার আজিজী। ৩০ জানুয়ারি শুক্রবার সকালে তিনি পানছড়ি বাজার এলাকায় ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং হাতপাখা প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

গণসংযোগকালে মাওলানা কাউছার আজিজী বলেন, নির্বাচিত হলে পার্বত্য খাগড়াছড়িকে একটি আধুনিক ও সম্ভাবনাময় পর্যটন অঞ্চলে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে। পর্যটন শিল্পের বিকাশের মাধ্যমে স্থানীয় যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে বৈষম্য দূর করে সমতা ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার অঙ্গীকার করেন।

এ সময় তিনি অভিযোগ করেন, কয়েকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় নিয়োজিত কিছু নেতাকর্মী নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। এতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

মাওলানা কাউছার আজিজী জানান, অভিযোগের বিষয়টি ইতোমধ্যে পানছড়ি উপজেলা প্রশাসন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণা জোরদার হলেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা প্রশাসনের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।