ন্যায্য বেতন কাঠামোর দাবিতে খাগড়াছড়িতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন


admin প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৬, ৯:৪২ পূর্বাহ্ন /
ন্যায্য বেতন কাঠামোর দাবিতে খাগড়াছড়িতে সরকারি কর্মচারীদের প্রতীকী অনশন

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক  :বৈষম্যহীন বেতন কাঠামো বাস্তবায়নসহ বিভিন্ন ন্যায্য দাবিতে খাগড়াছড়িতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের উদ্যোগে ১৬ জানুয়ারি শুক্রবার  সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাব প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় প্রেস ক্লাব এলাকা ব্যানার, ফেস্টুন ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯ম পে-স্কেল বাস্তবায়নে বৈষম্য বিদ্যমান থাকায় সরকারি কর্মচারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বিদ্যমান বেতন কাঠামোর কোনো সামঞ্জস্য নেই বলেও তারা উল্লেখ করেন।

বক্তারা দাবি জানান, ১:৪ অনুপাত অনুযায়ী ১২ গ্রেডভিত্তিক একটি আধুনিক ও সময়োপযোগী বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। পাশাপাশি সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, নতুন পে-স্কেলের গেজেট দ্রুত প্রকাশ এবং আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে তা কার্যকর করার জোর দাবি তোলা হয়। তাদের মতে, এসব দাবি বাস্তবায়িত হলে সরকারি কর্মচারীদের জীবনমানের উন্নতির পাশাপাশি প্রশাসনিক কার্যক্রমেও গতিশীলতা আসবে।

নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি দ্রুত এসব যৌক্তিক দাবির বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে, তবে আগামীতে আরও কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।

অনশন চলাকালে কর্মচারীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করেন এবং বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরেন। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

এ সময় বক্তব্য রাখেন সংগঠনের খাগড়াছড়ি জেলা সভাপতি মন্টু তালুকদার, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অংক্যজাই মারমা, সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ধর্মজয় ত্রিপুরা, হেলী চাকমা, অনিমা দে-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতীকী অনশন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, খাগড়াছড়ি জেলা কমিটি।