ধানের শীষে ভোট প্রার্থনায় খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার প্রথম পথসভা


admin প্রকাশের সময় : জানুয়ারী ২২, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ন /
ধানের শীষে ভোট প্রার্থনায় খাগড়াছড়িতে ওয়াদুদ ভূইয়ার প্রথম পথসভা

প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করে খাগড়াছড়িতে প্রথমবারের মতো বড় পরিসরে পথসভা শুরু করেছেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। জাতীয়তাবাদী মারমা সম্প্রদায়ের অংশগ্রহণে এ পথসভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত এ পথসভায় খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার মারমা সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পথসভায়  খাগড়াছড়ি জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান ওয়াদুদ ভূইয়া । তিনি বলেন, দেশের রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে এবং এসব পরিবর্তনের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। খাগড়াছড়ির উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার জন্য তিনি উপস্থিত জনতার প্রতি আহ্বান জানান।

পথসভায় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি কংচাইরী মাস্টারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেনসহ মারমা সম্প্রদায়ের বিভিন্ন প্রতিনিধিরা।