দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


admin প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন /
দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মো সোহেল রানা : খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ২৮ জানুয়ারি বুধবার সকাল ১০টায় কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-আমিন, এসইউপি, পিএসসি। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের অ্যাডজুটেন্ট লেফটেন্যান্ট জাওয়াদ মোহাম্মদ জাহিন।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। পরে বক্তব্যে তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত ক্রীড়া চর্চা শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে সহায়তা করে এবং শৃঙ্খলা ও নেতৃত্ববোধ গড়ে তোলে।

তিনি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল তরুণ কান্তি চাকমা, কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরো আয়োজনটি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আনন্দের পরিবেশ সৃষ্টি করে।