খাগড়াছড়ি জেলা বিএনপিতে এনসিপির তিন শতাধিক নেতাকর্মীর যোগদান


admin প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ৯:০২ অপরাহ্ন /
খাগড়াছড়ি জেলা বিএনপিতে এনসিপির তিন শতাধিক নেতাকর্মীর যোগদান

 

প্রতিনিধি : খাগড়াছড়ি জেলা বিএনপিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। ৫ জানুয়ারি সোমবার বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা বিএনপির রাজনীতিতে অন্তর্ভুক্ত হন।

জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।

অনুষ্ঠানে এনসিপি খাগড়াছড়ি জেলার সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরার নেতৃত্বে প্রায় তিন শতাধিক সদস্য বিএনপিতে যোগ দেন। এসময় জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ নবাগত সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন।

যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব ত্রিপুরা বলেন, দেশের বৈষম্য দূরীকরণ ও ন্যায়ের পক্ষে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন। ছাত্র-জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে স্বৈরাচারী সরকারের পতনের পর তারা আশা করেছিলেন জাতীয় নাগরিক পার্টি সাধারণ মানুষের স্বার্থ ও ন্যায়ের পক্ষে অবস্থান নেবে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলটির অবস্থান তাদের হতাশ করেছে। এ কারণে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা ও স্বাধীনতার পক্ষে থাকা জাতীয়তাবাদী দল বিএনপিতে স্বেচ্ছায় যোগদানের সিদ্ধান্ত নেন তারা।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা সচেতনভাবে বিএনপিতে যুক্ত হয়েছেন এবং খাগড়াছড়ির সার্বিক উন্নয়নে ওয়াদুদ ভূঁইয়ার নেতৃত্বকে প্রয়োজনীয় বলে মনে করেন। নতুন রাজনৈতিক যাত্রায় সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূঁইয়া শুরুতেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বিএনপি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় বিএনপিতে যোগ দেওয়ায় নবাগত সদস্যদের ধন্যবাদ জানিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছারসহ জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।