
প্রতিনিধি : খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) কর্তৃক পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত অবৈধ কাঠ উদ্ধার করা হয়েছে। ৩১ জানুয়ারি বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধীনস্থ বান্দরসিং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্ত পিলার ২২৫৯/৪-আরবি সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে কাঠ পাচারের সম্ভাব্য তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান চালায়।
খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন, বিজিওএম-এর সার্বিক দিকনির্দেশনায় বান্দরসিং বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ হেদায়েতুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাটিরাঙ্গা উপজেলার বান্দরসিংপাড়া এলাকায় টহল দেওয়া হয়।
অভিযান চলাকালে বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা কাঠ ফেলে পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে টহলদল পরিত্যক্ত অবস্থায় ভারতীয় সেগুন কাঠ ৪৪ সিএফটি এবং গামারী কাঠ ৭ সিএফটি উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার ৬০০ টাকা বলে জানানো হয়েছে। জব্দকৃত কাঠ আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাটিরাঙ্গা বনবিটে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন বলেন, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :