
সবুজ পাতা ডেস্ক : খাগড়াছড়িতে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজনসহ প্রায় এক হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

২৭ জানুয়ারি মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকুর আয়োজনে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। অনুষ্ঠানে যোগদানকারীরা প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন।
খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলার চাকমা সম্প্রদায়ের বিশিষ্টজন ও তৃণমূল পর্যায়ের প্রায় এক হাজার নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীরা জানান, অতীতে তারা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে বর্তমানে স্বেচ্ছায় ও সচেতনভাবে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। নতুন রাজনৈতিক পথচলায় তারা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করেই বিএনপি রাজনীতি করে যাচ্ছে। স্বেচ্ছায় দলে যোগ দেওয়ার জন্য নতুন নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
যোগদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য ও মানবিক কল্যাণ সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি শান্তিময় চাকমা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, মহিলা দলের সভানেত্রী কুহেলী দেওয়ানসহ জেলা ও উপজেলার বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :