
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : খাগড়াছড়িতে ক্রিকেটপ্রেমীদের জন্য শুরু হয়েছে বহুল প্রত্যাশিত মাসব্যাপী জেলা ক্রিকেট লিগ। ১৭ জানুয়ারি শনিবার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর অর্থায়নে ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টটির শুভ উদ্বোধন করা হয়। খেলোয়াড়, ক্রীড়া সংগঠক ও দর্শকদের উপস্থিতিতে স্টেডিয়ামজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং জেলা ক্রিকেট লিগ টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান আহসান ইকবাল চৌধুরী আনুষ্ঠানিকভাবে লিগের উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির আহ্বায়ক মো. আনোয়ার সাদাত বলেন, পাহাড়ি এলাকার খেলোয়াড়দের সঠিক পরিচর্যা ও প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে তারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বয়ে আনবে। তিনি আরও বলেন, জেলা ক্রিকেট লিগ পাহাড়ি তরুণদের প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
বক্তারা জানান, নিয়মিত এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে এবং তারা জেলা ও জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। পাশাপাশি ক্রিকেটের মাধ্যমে শৃঙ্খলা, দলগত চেতনা ও নেতৃত্বের বিকাশ ঘটবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
এবারের জেলা ক্রিকেট লিগে খাগড়াছড়ি জেলার মোট ছয়টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী ম্যাচে বহুমুখী সমবায় সমিতি ও প্রজন্ম ক্লাব মুখোমুখি হয়। খেলায় প্রজন্ম ক্লাবকে ১০ উইকেটে পরাজিত করে বহুমুখী সমবায় সমিতি টুর্নামেন্টে জয় দিয়ে যাত্রা শুরু করে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, বিসিবি কিউরেটর জাহিদ রেজা বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশিদসহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও ক্রীড়া সংগঠকরা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, মাসব্যাপী এই লিগের মাধ্যমে খাগড়াছড়ির ক্রীড়া অঙ্গন আরও সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের দক্ষতা ও আত্মবিশ্বাস প্রমাণের সুযোগ পাবে।
আপনার মতামত লিখুন :