
আরিফুল ইসলাম মহিন : খাগড়াছড়িতে জব ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন এবং কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৬ জানুয়ারি সোমবার সকালে শহরের একটি স্কুল মিলনায়তনে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
সেমিনারে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নীল রতন দত্তের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত। তিনি বলেন, কারিগরি শিক্ষার মাধ্যমে বেকারত্ব হ্রাস করে তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করা সম্ভব। দেশ ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হলে সময়োপযোগী ও মানসম্মত কারিগরি শিক্ষার বিকল্প নেই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, বিএসআরএম-এর ট্যালেন্ট অ্যাকুইজিশন ও এইচআরবিপি (সেলস ও মার্কেটিং) বিভাগের সিনিয়র ম্যানেজার ফাহমিনা আসাদ, কেডিএস-এর এইচআর ও এডমিন প্রতিনিধি, কেওয়াই স্টিলের উপ-ব্যবস্থাপক শাহাদাত হোসেন এবং প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার (এইচআর) মোঃ আশরাফুল ইসলাম।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের তরুণদের কারিগরি শিক্ষায় উদ্বুদ্ধ করতে পারলে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠবে। এর ফলে ব্যক্তি, পরিবার ও সমাজের পাশাপাশি পুরো অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :