
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ি জেলায় উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ কার্যক্রমের বর্তমান অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে জেলা পর্যায়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি রবিবার সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত “উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচি (BHCI)” এর জেলা পর্যায়ের কার্যক্রম পর্যালোচনা ও সমন্বয় জোরদার করতেই সভাটির আয়োজন করা হয়। এতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ সহযোগিতা প্রদান করে।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের। সভায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। এছাড়া জেলার সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং সংশ্লিষ্ট চিকিৎসকরা সভায় অংশগ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম জুবায়ের, চট্টগ্রাম বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শাহিনুল ইসলাম এবং সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. উদিত প্রয়াস সিকদার।
সভায় জানানো হয়, খাগড়াছড়ি জেলার ৭টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত এনসিডি কর্নারের মাধ্যমে এ পর্যন্ত প্রায় দুই হাজার উচ্চ রক্তচাপ এবং প্রায় এক হাজার ডায়াবেটিস আক্রান্ত রোগী নিবন্ধিত হয়েছেন। নিবন্ধিত রোগীরা নিয়মিতভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নার থেকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সেবা গ্রহণ করছেন।
বক্তারা বলেন, জনবল ও ওষুধের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও এনসিডি কর্নারসমূহে ধারাবাহিকভাবে সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করা, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং কর্মসূচির আওতা সম্প্রসারণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিপি স্ক্রিনিং জোরদার করে রোগী নিবন্ধন বৃদ্ধি এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রসমূহের সক্ষমতা উন্নয়নের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আপনার মতামত লিখুন :