
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক : “জীবাশ্ম জ্বালানিকে না বলুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সচেতন নাগরিক কমিটি (সনাক)।
২৬ জানুয়ারি সোমবার সকাল ১০টায় খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের স্বাস্থ্য উপ-কমিটির আহ্বায়ক জহুরুল আলম। কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সুরক্ষায় নবায়নযোগ্য ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু সংকট ও পরিবেশ দূষণের অন্যতম প্রধান কারণ হলো জীবাশ্ম জ্বালানির অতিরিক্ত ব্যবহার। এই সংকট থেকে উত্তরণে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানির বিকল্প ব্যবহারের কোনো বিকল্প নেই। তারা বলেন, পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানো গেলে কার্বন নিঃসরণ কমবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
বক্তারা আরও উল্লেখ করেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে জ্বালানি ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি সুশাসন, নীতিগত স্বচ্ছতা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে পাহাড়ি ও পরিবেশ-সংবেদনশীল অঞ্চলে উন্নয়ন কার্যক্রম গ্রহণের ক্ষেত্রে পরিবেশগত ভারসাম্য রক্ষা করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, জাবারাং কল্যাণ সমিতির প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা, আনন্দ ট্রেনিং সেন্টারের কর্মকর্তা শ্যামল রোজারিও, সনাক সদস্য অংসুই মারমা, বিধান রায় বিশ্বাস ও ত্রিনা চাকমা। তারা নিজ নিজ বক্তব্যে পরিবেশবান্ধব জ্বালানি ব্যবহারে সরকারের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।
মানববন্ধনে সনাকের অন্যান্য সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচি শেষে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
আপনার মতামত লিখুন :